প্রতিবাদী গান ও কবিতায় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের মানব বন্ধন

১০ নভেম্বর, ২০২০ ২১:১৪  
জিপিইইউ সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহাল এবং রিজিওনাল অপারেশন এর ১৩০ এবং গ্রামীণফোন গ্রাহক সেবা কেন্দ্রের ৫০ জনের কর্মহীন অবস্থা থেকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবতে প্রতিবাদী গান ও কবিতায় অবস্থান কর্মসূচি এবং মানব বন্ধন পালন করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি রবিন্দ্র সরোবরে এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মিয়া মাসুদ সহ জিপিইইউ এর কার্যনির্বাহী কমিটির সদস্য, জিপিইইউ মহিলা কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি, জিপিইইউ জিপিহাউস কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রতিবাদী গান ও কবিতায় অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছে ধানমন্ডির সংগীত গোষ্ঠী ক্রো অফ ঢাকা। তারা দেশাত্মবোধক গান ও প্রতিবাদী গান গেয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করেন। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, ধারাবাহিকভাবে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো যতক্ষণ না জিপিইইউ এর সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ স্বপদে পুনর্বহাল করবে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ইউনিয়ন সভাপতি।